Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের আতাহার আলি

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯

আতাহার আলি খান

নিরাপত্তা ইস্যুতে টুর্নামেন্ট থেকে আগেই সরে এসেছে বাংলাদেশ। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে অবশ্য অন্যভাবে থাকছে বাংলাদেশ। দুই আম্পায়ারের পর এবারের আসরে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে আতাহার আলি খানকে।

টি-২০ বিশ্বকাপের টিভি ও ডিজিটাল সম্প্রচারে তারকাখচিত ধারাভাষ্য প্যানেলের নাম আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শুক্রবার। সেখানে আছে বাংলাদেশের আতহারের নাম।

৬৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার আতাহার আলি আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিচ্ছেন দুই যুগের বেশি সময় ধরে। বাংলাদেশের বিভিন্ন সিরিজ ছাড়াও আইসিসি আসরগুলোয় ধারাভাষ্য কক্ষে তার উপস্থিতি ছিল নিয়মিত। তার পরও এবারে তার অংশ নেওয়া বেশ উল্লেখযোগ্য, কারণ নিরাপত্তা শঙ্কায় ভারত সফরে যেতে না চাওয়ায় বাংলাদেশ দলই বাদ পড়ে গেছে বিশ্বকাপে।

বিজ্ঞাপন

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার আট ভেন্যুতে ছয়টি প্রোডাকশ ক্রু দল সম্প্রচার কাজে নিয়োজিত থাকবে। ৪৫টি পর্যন্ত ক্যামেরা থাকবে মাঠে। সব মিলিয়ে ৭২০ জন ব্রডকাস্ট কর্মী কাজ করবেন গোটা আসরকে দর্শকদের সামনে তুলে ধরতে।

ধারাভাষ্যকারের তালিকায় পরিচিত ও জনপ্রিয় নামগুলির পাশাপাশি থাকছে কিছু নবীন ও চমকপ্রদ নামও। তাদের মধ্যে উল্লেখযোগ্য অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা। দুজনেরই এবার অভিষেক হচ্ছে আইসিসি আসরে ধারাভাষ্যে। ম্যাথিউস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও পুরোদমে খেলছেন বাভুমা। তবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জায়গা হারিয়েছেন টি-২০ দল থেকে।

ধারাভাষ্য প্যানেলে আছেন যারা:

রভি শাস্ত্রি, নাসের হুসেইন, ইয়ান, স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ওয়েন মর্গ্যান, ওয়াসিম আকরাম, সুনিল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রামিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেসি মার্টিন, হার্শা ভোগলে, মপুমেলেলো এমবাংওয়া, ন্যাটালি জার্মনস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলি খান, ক্যাস নাইডু, বাজিদ খান, রাওনাক কাপুর, নায়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর