Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এককভাবে সরকার গঠনে আশাবাদী তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০০

ফাইল ছবি : সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এককভাবে সরকার গঠনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও জনগণের রায় পেলে বিএনপি একাই সরকার গঠনে সক্ষম হবে।

তারেক রহমান বলেন, দেশের মানুষের মধ্যেও একটি সুষ্ঠু ভোটের প্রত্যাশা রয়েছে এবং বিএনপি সে বিষয়ে আশাবাদী।

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা, নির্বাচনী প্রস্তুতি এবং মায়ের মৃত্যু—এই তিন বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখাই ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি জানান, দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দেয়। তবে নির্বাচনের ব্যস্ততার মধ্যেই তাকে রাজনৈতিক দায়িত্ব পালন করতে হয়েছে।

বিজ্ঞাপন

তরুণ ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে তরুণ, নারী, প্রবীণ ও প্রতিবন্ধীসহ সব শ্রেণির মানুষের জন্য পরিকল্পনা রাখা হয়েছে। তার মতে, দেশ গড়তে হলে সবাইকে সঙ্গে নিয়েই এগোতে হবে।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থের পরিপন্থি কোনো চুক্তি হলে যে কোনো দেশের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে।

একইভাবে চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক বাস্তবতায় পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই সম্পর্ক এগোবে।

জামায়াতের সঙ্গে সম্ভাব্য ঐক্য সরকার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী।

তার মতে, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র পরিচালনার জন্য শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর জোর দেন।

তিনি বলেন, মেয়েদের শিক্ষা বিস্তৃত করা এবং গৃহিণীদের জন্য সহায়তামূলক ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীদের নিরাপদ কর্মসংস্থান ও যাতায়াত নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে অন্যায়ের বিচার হওয়া জরুরি এবং আইন অনুযায়ী প্রত্যেক ভুক্তভোগীর বিচার পাওয়ার অধিকার রয়েছে।

দুর্নীতি ও ঋণখেলাপির অভিযোগ প্রসঙ্গে তারেক রহমান দাবি করেন, রাজনৈতিক হয়রানির কারণে অনেক ব্যবসায়ী ও নেতাকর্মী ব্যাংক ঋণসংক্রান্ত জটিলতায় পড়েছেন। দুর্নীতি ও ঋণখেলাপি বিষয়কে তিনি পৃথক হিসেবে দেখার আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর