Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্রমিকদের বেতন বোনাস না দেওয়ায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৩:২৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৪:৫৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফাইল ছবি

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ঈদুল ফিতর বাঙালি মুসলমানের প্রধান উৎসব। এই ঈদের সঙ্গে অনেক ধরণের আনন্দ, আবেগ ও ভালোবাসা জড়িয়ে থাকে। এখন পর্যন্ত ৩০-৩৫ শতাংশ কারখানা শ্রমিকের বেতন এবং অর্ধেকের বেশি কারখানার শ্রমিকদের বোনাস দেওয়া হয় নাই। এই বিষয়টি উদ্বেগজনক।

শেষ মুহূর্তেও বেতন-বোনাস পরিশোধ না হওয়ায় শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা জন্ম নিচ্ছে, পরিবারের ছোট বাচ্চারা মানসিকভাবে কষ্ট পাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আবারও এই দাবি জোড়ালোভাবে ব্যক্ত করছে যে, অবিলম্বে মানে আজকে ও কালকের মধ্যে সকলের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। কারখানাগুলো মাসের ১৬ তারিখেরও কেন বেতন বাকি রাখলো, ঈদের ৫ দিন আগেও কেন বোনাস পরিশোধ করলো না তা জবাবদিহির আওতায় আনতে হবে। শ্রমিকের প্রাপ্য শ্রমিককে বুঝিয়ে দিতে এমন গড়িমসিকে শাস্তির আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে তিনি আরও বলেন, শ্রমিকের পাওনা দেওয়ার ক্ষেত্রে সরকারের নজরদারীর অভাব আছে। সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো সক্রিয় হলে এবং কারখানা মালিকদের ওপরে চাপ প্রয়োগ করলে ১৫ রোজার মধ্যেই তারা বেতন-ভাতা পরিশোধ করতে বাধ্য। কিন্তু মালিকরা ধনিকশ্রেণীর হওয়ার কারণে এবং তাদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সরকার এই বিষয়ে উদাসীন থাকে। ফলে প্রতিবছরই ঈদ আসলে শ্রমিকদের দেনা-পাওনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, কোনো কোনো বছর সহিংস আন্দোলনের জন্ম দেয়। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিলো যে, তারা অন্তত এবার শ্রমিকদের পাওনাটা সময়মতো আদায়ের ব্যবস্থা নেবে। সময়মতো আদায় না হলেও এখনো সময় আছে। দ্রুততার সাথে বকেয়া-বেতন আদায়ের ব্যবস্থা নিন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর