Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১২:৫৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:০৭

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: নিজের বক্তব্য বা কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে ভবিষ্যতে আরও শান্ত, সংযত ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, গত কয়েক দিনে তিনি বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলার সুযোগ পেয়েছেন। এসব আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন, যার মধ্যে ব্যক্তিগত আক্রমণ পরিহার করা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার বিষয়টি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

তিনি জানান, বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করবেন। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নিজের কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, এসবই তার পথচলার শক্তি হিসেবে কাজ করবে।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি এক ধরনের আত্মিক যাত্রার সূচনা করেছেন। শেষে তিনি সবার জন্য ক্ষমা ও সঠিক পথের দিকনির্দেশনা কামনা করেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর