Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শহীদ জামালের মেয়ের বিয়ের খরচ দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৬:২৬ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৯:২১

– ছবি : সংগৃহীত

ঢাকা: চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের পরিবারে আনন্দের বার্তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জামালের কন্যা তানিয়া আক্তার রুমির বিয়ের যাবতীয় খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপহার পৌঁছে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের পরিবারের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সেলটি এই সহায়তার সমন্বয় করছে।

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে মানবিক সহায়তার আরও কিছু দৃষ্টান্ত স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী জপেল চাকমার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার এবং তার পড়াশোনা চালিয়ে নিতে মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেওয়া হয়। এ ছাড়াও ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্য সংগঠনটির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় চলমান রয়েছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর