Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদোত্তীর্ণ ঋণে দণ্ড সুদের হার কমলো

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৮:৩৬ | আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:০৬

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণের কিস্তি সময়মতো পরিশোধ না হলে সর্বোচ্চ ০.৫ শতাংশ দণ্ড সুদ আদায় করতে পারবে ব্যাংকগুলো, যা আগে ছিল ১.৫ শতাংশ।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির স্বার্থে দণ্ড সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা সার্কুলারে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর সর্বোচ্চ ১.৫ শতাংশ দণ্ড সুদ নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে ওই সার্কুলারের সংশ্লিষ্ট অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর সর্বোচ্চ ০.৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। অন্যদিকে মেয়াদি ঋণের ক্ষেত্রে কেবল মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এ দণ্ড সুদ প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এবং নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।