Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইটিএ থেকে অর্থ দেশে ফেরত আনা সহজ করল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৯:০৫ | আপডেট: ২১ মে ২০২৬ ০০:০৫

ঢাকা: অনাবাসী বিনিয়োগকারীদের জন্য শেয়ার ও সিকিউরিটিজ বিক্রির অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে অনাবাসী বিনিয়োগকারী টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) সংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেন নির্দেশিকায় সংশোধনী এনে নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২০ মে) বাংলা‌দেশ ব্যাংকের থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

এনআইটিএ’র মাধ্যমে কেনা শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ সংশ্লিষ্ট এনআইটিএ হিসাবেই সরাসরি জমা করা যাবে। তবে বিদেশে অর্থ পাঠানোর আগে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ওই বিক্রয়লব্ধ অর্থ থেকে প্রযোজ্য মূলধনী লাভ কর (যদি থাকে) কেটে সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে মূলধনী লাভ কর নির্ধারণে অনাবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে নিরীক্ষকের সনদপত্র সংগ্রহের প্রচলিত রীতি ছিল। এতে অর্থ প্রত্যর্পণ ও পুনর্বিনিয়োগে উল্লেখযোগ্য বিলম্ব তৈরি হতো বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিনিয়োগ কার্যক্রম আরও সহজ ও দ্রুত করতে, একই সঙ্গে অনাবাসী বিনিয়োগকারীদের সময়, ব্যয় ও পরিপালন জটিলতা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর