Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট

স্টাফ করেসপন্ডেট
২৯ জুন ২০২৬ ১৪:২৯ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:০২

সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ – ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপসহ অন্যান্য আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (২৯ জুন) বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি ট্রাইব্যুনালকে জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত সম্পন্ন করতে আরও দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

এর আগে সকালে কারাগার থেকে সাবেক এমপি গোলাপকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে মাদারীপুর-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।