ঢাকা: দেশের মোট ১ কোটি ৩৯ লাখের বেশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এখনো মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে বিতরণের অপেক্ষায় পড়ে আছে। এ পর্যন্ত মাঠ পর্যায়ে পাঠানো মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮টি কার্ডের মধ্যে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের কাছে সফলভাবে তা হস্তান্তর করা সম্ভব হয়েছে, যা মোট কার্ডের প্রায় ৮৪ দশমিক ৪ শতাংশ।
বুধবার (১ জুলাই) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ ও বরগুনাসহ বেশ কয়েকটি জেলার সবগুলো উপজেলায় ইতিমধ্যে শতভাগ স্মার্টকার্ড বিতরণের কাজ শেষ হয়েছে। তবে বাকি অঞ্চলগুলোর মধ্যে এখনো ১১৫টি নির্বাচনি থানা ও উপজেলায় এই কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরুই করা যায়নি।
বর্তমানে ইসির তথ্যভাণ্ডারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের নিবন্ধন থাকলেও প্রায় সাড়ে ৫ কোটি ভোটার এখনো আধুনিক এই স্মার্টকার্ডের সুবিধার বাইরে রয়ে গেছেন।