ঢাকা: বাংলাদেশ ব্যাংক বিশেষায়িত অঞ্চলে পরিচালিত রফতানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা (এফসি)-টাকা সোয়াপ সুবিধার পরিধি আরও বাড়িয়েছে।
সোমবার(১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এখন থেকে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), বেসরকারি ইপিজেড (পিইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) ও হাইটেক পার্কে পরিচালিত রপ্তানিকারকেরা তাদের বিদেশি মুদ্রা হিসাবের অবমুক্ত স্থিতির বিপরীতে ব্যাংকের সঙ্গে এফসি-টাকা সোয়াপ চুক্তি করতে পারবেন। এর ফলে প্রয়োজনের সময় তারা স্বল্পমেয়াদে টাকার তারল্য সংগ্রহের সুযোগ পাবেন।
এর আগে ২০২৫ সালের ৩ নভেম্বর জারি করা এক সার্কুলারের মাধ্যমে রফতানিকারকদের ৩০ দিনের পুল অ্যাকাউন্ট ও এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবের স্থিতির বিপরীতে এফসি-টাকা সোয়াপের অনুমতি দেওয়া হয়েছিল।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশি মুদ্রা হিসাবের অবমুক্ত অর্থের বিপরীতেও এখন একই ধরনের সোয়াপ সুবিধা দেওয়া যাবে। এর মাধ্যমে এসব প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি টাকার চাহিদা সহজে মেটানো সম্ভব হবে এবং রফতানি কার্যক্রমে তারল্য সংকট কমবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে বিশেষায়িত অঞ্চলে পরিচালিত রপ্তানিকারকদের আর্থিক ব্যবস্থাপনায় আরও নমনীয়তা আসবে। একই সঙ্গে তাদের বিদেশি মুদ্রা তহবিল ব্যবহার করে প্রয়োজনীয় কার্যকর মূলধন সংগ্রহ সহজ হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এ ছাড়া আগের সার্কুলারগুলোর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট সব গ্রাহককে নতুন নির্দেশনার বিষয়টি জানাতে বলা হয়েছে।