কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন (৪০) ও আব্দুল শেখ (২৫) নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত ফারুক হোসেন উপজেলার দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ও আব্দুল শেখ খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাতে মিন্টু চৌকিদার গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ছালিম হোসেনের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান। গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘স্থানীয় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।’