ঢাকা: বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের (এনআরবি) হজযাত্রা নির্বিঘ্ন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো নির্দেশনা দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠিয়ে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা গত ১৩ জুলাই জারি করা একটি স্মারকের আলোকে এই নির্দেশনা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের (এনআরবি) হজে গমনের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট সব শাখা ও কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের হজ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম আরও সমন্বিত ও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।