Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি চূড়ান্ত ৩ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১১:২১ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৪:৫৩

ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠকে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপি’র সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানানো হয় এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।

বৈঠকে ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর