Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র ৫ দিনব্যাপী কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১৫:২২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ১৫:৩২

ঢাকা: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা আন্দোলন-সংগ্রাম ও সংকট মোকাবিলা করে বিএনপি আজ দেশের একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এরপর ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আরও কিছু কর্মসূচি নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলো জানানো হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের প্রত্যয় নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, বিভিন্ন মতের সংবাদপত্র প্রকাশের সুযোগ তৈরি হয় এবং রাজনৈতিক দল করার অধিকার নিশ্চিত হয়।

তিনি বলেন, স্বাধীনতার পর দুর্বল অর্থনৈতিক অবস্থার মধ্যে জিয়াউর রহমান দেশকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্যোগ নেন। খাদ্য উৎপাদন বৃদ্ধি, নিরক্ষরতা দূরীকরণ, খাল খনন ও পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেন তিনি।

রিজভী অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহিদ হন জিয়াউর রহমান। এরপর দেশে আবার গণতন্ত্রের ওপর আঘাত আসে এবং হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যায়। দীর্ঘদিনের আন্দোলন, নির্যাতন ও নানা সংকটের মধ্য দিয়ে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।

রিজভী বলেন, জনগণের সঙ্গে আচরণ, সততা ও অঙ্গীকার রক্ষার কারণেই বিএনপি মানুষের আস্থা অর্জন করেছে। দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে দলটি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি।

দলের জাতীয় কাউন্সিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, কাউন্সিল হবে। তবে দিন-তারিখ ও মাস এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিএনপির সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও সাফল্য নিয়ে গবেষণা করেছে। তাদের গবেষণায় বিএনপির বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের বিষয়গুলো উঠে এসেছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর