Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৭:২১ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৭:৫৯

ঢাকা: বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যাহত সহযোগিতা কামনা করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাংয়ের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

এডিবি’র নতুন কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সরকার প্রত্যাশা করে। তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং গ্রামীণ উন্নয়নে রূপান্তরমূলক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে এডিবিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর অনুরোধ জানান তিনি।

জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশে এডিবি সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নে কাজ চলছে। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে এডিবি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী বলেও জানান তিনি।

বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মো. এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর