Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলা কিউআরের ইন্টারচেঞ্জ ফি শূন্য

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৭:৫৭

-কোলাজ ও প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলা কিউআর (Bangla QR) ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) বা আন্তঃপ্রতিষ্ঠান ফি শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ইস্যুকারী প্রতিষ্ঠানকে আর আইআরএফ পরিশোধ করতে হবে না।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কিউআরভিত্তিক লেনদেনের ফি ও চার্জ নির্ধারণসংক্রান্ত আগের নির্দেশনার পাশাপাশি নতুন করে আন্তঃপ্রতিষ্ঠান ফি নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলা কিউআরভিত্তিক সব ধরনের লেনদেনের ক্ষেত্রে Interchange Reimbursement Fee (IRF) শূন্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই নির্দেশনা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। একই সঙ্গে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা বাংলা কিউআরভিত্তিক লেনদেনসংক্রান্ত আগের নির্দেশনার সঙ্গে নতুন নির্দেশনার কোনো অসামঞ্জস্য থাকলে নতুন নির্দেশনাই প্রাধান্য পাবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের পরিচালক স্বাক্ষরিত সার্কুলারটি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট পেমেন্ট সেবা প্রদানকারীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলা কিউআর-কে দেশে আন্তঃব্যাংক ও বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মধ্যে একটি অভিন্ন কিউআর প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। আইআরএফ শূন্য করায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে অতিরিক্ত এই ফি আরোপের সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর