Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবিতে রাবিপ্রবির সব কার্যক্রম বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ২২:২১ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ ০০:৪০

রাঙ্গামাটি: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সেলিনা আখতার ও উপউপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. কাঞ্চন চাকমার পদত্যাগ দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে রাবিপ্রবি শিক্ষক সমিতি কেবল উপাচার্যের পদত্যাগ দাবি করেছে। এর মধ্যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

রোববার (১৮ আগস্ট) সকালে রাবিপ্রবি শিক্ষক সমিতির জরুরি বৈঠক শেষে উপাচার্যের পদত্যাগের দাবি জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সমিতিরও মতবিরোধ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

রাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রোববার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রায় দুই ঘণ্টা ধরে এক জরুরি বৈঠক করে। পরে শিক্ষকরা ঘোষণা দেন, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ড. সেলিনা আখতারকে উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে। এর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় শিক্ষকরা ভিসি ড. সেলিনার বিরুদ্ধে তার স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রুহুল আমিনসহ বিশ্ববিদ্যালয় পরিচালনায় সীমাহীন দুর্নীতি, প্রতিটি কমিটিতে পছন্দের লোক রাখা, বিধি অনুযায়ী প্রশাসনিক কাজ করতে বাধা দেওয়া, শিক্ষকদের কটূ কথা বলা ও তাদের সঙ্গে বাজে আচরণ-হয়রানি করাসহ নানা অভিযোগ তোলেন।

এদিকে রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহমুদ মীর ঘোষণা দিয়ে বলেন, ‘এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডিসহ রেজিস্ট্রারও পদত্যাগ করেছেন। এখন রাবিপ্রবির উপাচার্য ও উপউপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ দাবি জানাচ্ছে।’

এর আগে শনিবার রাবিপ্রবির প্রক্টর ড. নিখিল চাকমা ও সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন পদত্যাগ করেন। বৃহস্পতিবার পদত্যাগ করেন রাবিপ্রবির ছাত্রী হলের সহকারী প্রাধ্যক্ষ গৌরব চাকমা। তিনি রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপউপাচার্য ড. কাঞ্চন চাকমাকে রক্ষা করার জন্য কেবল উপাচার্যের পদত্যাগ চাইছেন। আমাদের দাবি, দুর্নীতিগ্রস্ত পুরো প্রশাসনকে পদত্যাগ করতে হবে। তা না হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা ছাড়া সব কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার পুরো বিষয়টিকে তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করছেন। তিনি বলেন, ‘আজ (রোববার) শিক্ষকদের অনুষ্ঠিত এক বৈঠক থেকে আমার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জেনেছি। পরে সিএসই বিভাগের কয়েকজন শিক্ষক জোর করে অন্যান্য বিভাগের শিক্ষকদের কাছ থেকে সই নিয়ে আমার পদত্যাগের দাবি জানিয়েছেন। যাদের থেকে জোর করে সই নেওয়া হয়েছে, তাদের অনেকেই বিষয়টি আমাকে জানিয়েছেন।’

উপাচার্যের দাবি, শিক্ষকদের একটি অংশ ভুয়া সনদ ব্যবহার করে দায়িত্ব হারানো সিএসই বিভাগের এক শিক্ষক ও উপউপাচর্য কাঞ্চন চাকমাকে রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে। ভিসি বলেন, ‘আমার বক্তব্য হলো— শিক্ষার্থীরা যদি আমার পদত্যাগ চায় এবং ওপর মহল থেকে যদি নির্দেশনা আসে, আমি অবশ্যই পদত্যাগ করব।’

উপাচার্যের মন্তব্যের বিষয়ে জানতে একাধিকবার কল দিয়েও রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি গৌরব চাকমার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সারাবাংলা/টিআর