Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আতিক

সারাবাংলা ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ২২:২৭

ফের সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব বাংলাদেশি বংশোদ্ভূত আতিক। ছবি: সংগৃহীত

সুইডেন: ২০২৫ থেকে ২০২৯ মেয়াদের জন্য সুইডিশ ক্রিকেট বোর্ড (Svenska Cricketförbundet)-এর বোর্ড সদস্য ও সচিব পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী ও প্রকৌশলী মো. আতিকুর রহমান।

গত ৫ এপ্রিল সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত ভোটে তিনি নির্বাচিত হন। উপস্থিত ৮২ ভোটারের মধ্যে তারিক জুওয়াকের নেতৃত্বাধীন প্যানেল থেকে আতিকুর রহমান ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়ে এই বিজয় লাভ করেন। এর আগে ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি-সুইডিশ নাগরিক হিসেবে সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব নির্বাচিত হয়েছিলেন।

আতিকুর রহমান বলেন, ‘পুনরায় নির্বাচিত হয়ে সুইডেনে ক্রিকেটকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে আমরা সবাই মিলে কাজ করে যাব। এখানে ক্রিকেটের শিকড় দৃঢ়। আমি এই খেলাটির আরও বিকাশ ও স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিজ্ঞাপন

সুইডিশ ক্রিকেট বোর্ডের সভাপতি তারিক জুওয়াক বলেন, ‘আমরা আনন্দিত যে, আতিকুর রহমান আবারও বোর্ড সদস্য হিসেবে আমাদের সঙ্গে থাকছেন। তিনি সুইডিশ ক্রিকেটের উন্নয়নে এক অসাধারণ অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন। ক্রিকেট সম্পর্কে তার গভীর জ্ঞান আমাদের বোর্ডের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।’

উল্লেখ্য, উচ্চ শিক্ষার্থে ২০১০ সালে সুইডেনে যান আতিকুর। সেখানে ইউনিভার্সিটি অব বোরাস থেকে ইনফরমেটিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি Borås Cricket Klubb-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি লগজেন্ট গ্রুপের আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

সারাবাংলা/পিটিএম