Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় দুই মামলা, গ্রেফতার ৪৯

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১০:৪১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৬

সোমবার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলায় অন্তত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

বিবৃতিতে শফিকুল আলম বলেন, সোমবার (৭ এপ্রিল) বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দোষীদের বিচারের আওতায় আনার দৃঢ় প্রয়াসে পুলিশ গত রাতে অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলো নিষ্ঠার সঙ্গে পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকা যে কাউকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই। আমরা নিশ্চিত করতে পারি যে, যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করা হবে।

সারাবাংলা/এমএইচ/ইআ