Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিখিত পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক না: পিএসসি চেয়ারম্যান

‎স্টাফ করেসপন্ডন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৪:২৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৫

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। ছবি: সারাবাংলা

ঢাকা: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন একদল বিসিএস প্রার্থী। তাদের এ দাবিকে অযৌক্তিক মনে করছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

‎রোববার (৬ এপ্রিল) দুপুরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এরমধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবে নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে?

‎চাকরিপ্রার্থীদের বিক্ষোভের পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

‎পিএসসি চেয়ারম্যান বলেন, ‘যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুইটা পরীক্ষা। একটা সিলেবাস পড়েই পরীক্ষা দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় যৌক্তিক না।’

‎এ সময় তিনি আরও বলেন, ‘৪৪তম বিসিএস থেকে যে জট হয়েছে তা চাইলেই সহসাই সমাধান সম্ভব না। তাই আমরা একটি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছি। আমরা পরীক্ষার খাতা পিএসসির বাইরে আর দেওয়া হচ্ছে না। পিএসসিতেই দেখা হবে পরীক্ষার খাতা। এতে কমে আসবে সময়। সেসঙ্গে পরীক্ষার খাতা সেকেন্ড চেকিং পদ্ধতিতেও পরিবর্তন আসছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, আমরা একগুচ্ছ পরিকল্পনা নিযে এগোচ্ছি। যা ধাপে ধাপে গণমাধ্যমে জানানো হবে।

‎সারাবাংলা/এনএল/এমপি