কক্সবাজার: জেলায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় মো. মিনহাজ নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কক্সবাজারে একদিনেই পাহাড় ধসে প্রাণ হারালেন ১০ জন।
সোমবার (৬ জুলাই) বিকেলে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলমের ঝিরি এলাকায় পাহাড় ধসে ওই শিশুর মৃত্যু হয়। নিহত মিনহাজ স্থানীয় কলিম উল্লাহ ও রুবি আক্তার দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) বিকেলে পাহাড়ের পাদদেশে খেলার সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু মিনহাজের মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা বাড়ছে। সোমবার একদিনেই পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বারবার সতর্ক করা হচ্ছে।