বরিশাল: বরিশাল নগরীতে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার কন্যা নাদিমা মোহাম্মদী খানের (৩৯) ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।
রোববার (১৯ জুলাই) সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় গিয়ে ৫ জন হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
আহত হয়ে নাদিমা খান শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর আগে শনিবার (১৮ জুলাই) রাতে বরিশাল নগরের সদর রোডের বাসায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি তানজিয়া চাঁদনি (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার তিনি ও তার চাচাতো বোন ঢাকা থেকে বরিশালের পৈতৃক বাড়িতে আসেন। কয়েকজন যুবক বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখার পাশাপাশি মাদক সেবন ও বেচাবিক্রি করছিলেন। এর প্রতিবাদ করলে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
নাদিমা অভিযোগ করেন, তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে এবং ভবিষ্যতে যাতে তিনি আর বাড়িতে না আসেন, সেই উদ্দেশ্যেই তার চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুল ইসলাম বলেন, ‘ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হান্নান বলেন, ‘ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’