রাজবাড়ী: জেলার পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের হামলায় আহত হয়েছেন সাংবাদিক আকাশ মাহমুদ। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাংশা-নাদুরিয়া খেয়াঘাট সড়কের পাংশা শহরের মৈশালা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আকাশ দৈনিক কালের কণ্ঠ (মাল্টিমিডিয়া)-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি, এনপিবি জেলা প্রতিনিধি এবং মাতৃকণ্ঠের পাংশা প্রতিনিধি। এ ছাড়া এ হামলায় ‘ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা পরিচালক সাগর শিকদার নামে আরও একজন আহত হয়েছেন।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) অটোরিকশা চালকদের কাছে এক যাত্রী লাঞ্চিত হওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, এক অটোরিকশাচালক ভ্যান গাড়িতে বসা এক নারী যাত্রীর দিকে তেড়ে আসছে। ভ্যান চালককে স্টান্ড থেকে যাত্রী তুলতে বাধা দিচ্ছে। এ বিষয়ে ওই নারী যাত্রী নিজের মোবাইলে ভিডিও ধারণ করায় অটোরিকশা চালক তাকে হুমকি দিচ্ছে। ফোন কেড়ে নিতে যাচ্ছে। এমন ভিডিও কয়েক মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ বলেন, ‘গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। সে বিষয়ে আজ বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা তাদের ওপর হামলা করে। আমি ভিডিও করলে আমার ওপর হামলা করে ফোন থেকে ভিডিও ডিলিট করে। এর পর ফের আমাকে আক্রমণ করে। তখন আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই।
আহত স্বেচ্ছাসেবক সাগর শিকদার বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের দুর্ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে বিষয়ে আজ বিকেলে আমরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে যায়। সেখানে যাওয়ার পর ইজিবাইক চালকরা লাঠি-সোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এ হামলায় একজন সাংবাদিকসহ আমরা প্রায় ১০-১২ জন আহত হয়েছি।’
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’