Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলি, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১০:৫৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ১১:০২

ফাইল ছবি।

নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম শান্ত (২৫), মো. বাবলু (২৫), মারুফ আহাম্মেদ (২৫), জসিম উদ্দিন (২৭) ও সাকিব হোসেন (২৫)। তাদের মধ্যে মো. বাবলু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আহত যুবকেরা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মী। তারা জামায়াতের রাজনীতিতেও সক্রিয়। রাতে মোশাকপুর গ্রামে গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। তাদের সঙ্গে অনুষ্ঠানের আয়োজনকারী পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন।

বিজ্ঞাপন

আহত নজরুল ইসলাম শান্ত বলেন, ‘তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ আমরা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলাম। ওই সময় পেছন দিক থেকে আমাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে আমরা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যাই। তখন তাদের সঙ্গে থাকা পাঁচজনের মাথায়, হাতে পিঠে গুলি লাগে।’

হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন বলে দাবি করে শান্ত বলেন, ‘এ সময় পিচ্চি রিয়াদ আমাকে জামায়াত-শিবির করি বলে মন্তব্য করে আমার পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।’

স্থানীয় সূত্রে জানা যায়, হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটে। মূলত হারুন ও তার লোকজন তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন ভেবেই এদের ওপর গুলি চালায় বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিক কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান বলেন, ‘মোটরসাইকেল আরোহীদের ওপর পেছন থেকে গুলি করা হয়েছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর