Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলেজে এমপির স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ২০:৪৯

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়মিত গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগে সভাপতি পরিবর্তনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

সোমবার (৩ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই অনুযায়ী তার দায়িত্বের মেয়াদ ২০২৭ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বহাল থাকার কথা।

বিজ্ঞাপন

তবে মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের সই করা এক আদেশে সভাপতির দায়িত্ব থেকে তাকে সরিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

রিটে দাবি করা হয়, কলেজ কর্তৃপক্ষকে না জানিয়েই এই পরিবর্তন আনা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

এর পর ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের পক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শকের কাছে আইনি নোটিশ পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি পরিবর্তনের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজ পরিদর্শক এবং মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর