ঢাকা: অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনের অপর দুই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান এবং এনবিআরের সাবেক কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
সোমবার (১৭ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
দুদক আইন অনুযায়ী গঠিত সার্চ কমিটি ছয়টি বৈঠকের মাধ্যমে বিভিন্ন প্রার্থীর জীবনবৃত্তান্ত ও যোগ্যতা যাচাই-বাছাই করে এই ৩ জনের নাম সরকারের কাছে সুপারিশ করে। পরবর্তীতে রাষ্ট্রপতি সেই সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি চলতি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবসরে যান। কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এরআগে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ছিলেন এবং ড. জাহাঙ্গীর আলম খান সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, গত ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান ও অন্য দুই কমিশনার পদত্যাগ করার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। নতুন এ নিয়োগের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ মাস পর পূর্ণাঙ্গ রূপ পেল দুর্নীতি দমন কমিশন।
দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান
সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ২৩:১৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ২৩:২৩
১৭ আগস্ট ২০২৬ ২৩:১৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ২৩:২৩
সারাবাংলা/এনএল/এসএস