ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিককে আসামি করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। তদন্তে মোশাররফ হোসেন মানিকের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, মানিক বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। সে কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হবে। আদালত আবেদন মঞ্জুর করলে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দেওয়া হবে।
এ মামলায় বর্তমানে কারাগারে থাকা অপর তিন আসামি হলেন নরসিংদীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং রবিউল ইসলাম।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা তার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল বের করলে সেখানে আবারও গুলির ঘটনা ঘটে। এতে আরও একজন নিহত হন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নরসিংদীতে প্রায় ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ২৮ জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মোশাররফ হোসেন মানিককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া দু’টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।