Friday 24 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী নিহত, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ০২:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২) নামে আরও দু’জন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের কর্মী। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার শাকরাল গ্রামে। বাবার নাম শাহজাহান আলী। বর্তমানে কাফরুল পশ্চিম বাইশটেকি এলাকায় থাকতেন তিনি। আর আহত মনির ফুটপাতের কাপড় ব্যবসায়ী ও নালাম সরদার সবজি ব্যবসায়ী।

বিজ্ঞাপন

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা মামুন ও সজিব জানান, তারা ইউসুফ আলীর সঙ্গে রাতে মিরপুর ১৩ ই-ব্লকের ওপেক্স গার্মেন্টের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৪/৫ জন যুবক তাদের আশেপাশে ঘোরাফেরা করছিল। সন্দেহজনক মনেও হওয়ায় ইউসুফ তাদের পরিচয় জিজ্ঞাসা করে। এর পর পরই তারা এলোপাতাড়ি গুলি করে। এতে ইউসুফ আলীর বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়। এ ছাড়া মনিরের ডান পায়ে ও নালামের মাথায় গুলি লাগে। এর পর তাদের তিনজনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ইউসুফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, স্থানীয় জনতা দুর্বৃত্তদের একজনকে ধরে পুলিশে সোর্পদ করেছে। তবে তার নাম-পরিচয় জানতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। আহত একজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এদিকে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোলাগুলির ঘটনায় তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইউসুফ আলী নামে একজন মারা যান। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর