Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের ওপর হামলার অভিযোগ

জবি করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ২২:৪২

জকসু’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় নুর মোহাম্মদ গতকালের সংঘর্ষে আহতদের দেখতে রওনা দিলে সোহরাওয়ার্দী কলেজের সামনে হামলার শিকার হন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন নুর মোহাম্মদ-কে বেধড়ক মারধর করে তাড়িয়ে দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে নুর মোহাম্মদ সহ ৩-৪ জনের ওপর হামলা করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ তার তাৎক্ষণিক ফেসবুক পোস্টে বলেন, ‘ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনকে বলবো হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।’

বর্তমানে জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলের ইমার্জেন্সিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘এই বিষয়ে আমি কেবলই অবগত হলাম। যেই হোক না কেন, সে জগন্নাথের ছাত্র। তার উপর বহিরাগতদের হামলা কাম্য নয়। সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। জগন্নাথের স্বার্থ সবসময় রক্ষা করবো।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর