ঢাকা: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা জানান।
তিনি বলেন, ‘শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় মুফতি আমির হামজার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়।’
মিয়া গোলাম পরওয়ারের দাবি, গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে হামলা চালালে এমপি আমির হামজা, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন গুরুতর আহত হন।
তিনি বলেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আমির হামজা এর আগে আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দুঃখজনক।’
বিবৃতিতে তিনি হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।