ঢাকা: রাজধানীর বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির গাছের সঙ্গে অজ্ঞাত (২৮) এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে বাংলামোটর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সাইফুল ইসলামের পরিত্যক্ত বাড়ির মধ্যে গাছের ডালে সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল যাই। সেখানে ওই নারী একটি জাম্বুরা গাছের সাথে গলায় রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় পাই। এরপর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।
এসআই আরও জানান, ওই এলাকায় স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই নারী ভবঘুরে প্রকৃতির। রাতের যে কোন সময় ওই জাম্বুরা গাছের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।