Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপি’র

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৬:৪৩

ঢাকা: শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে মারধর এবং মৌখিকভাবে হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিব এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এই ধরনের বর্বর হামলা এবং সংবাদমাধ্যমকে দমনের হুমকি স্পষ্ট করে যে একটি মহলের মধ্যে এখনো ফ্যাসিবাদী মানসিকতা রয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক ক্যাডারতন্ত্র ও ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাংবাদিকদের ওপর এমন হামলা কেবল সংবাদপত্রের স্বাধীনতাই নয়, বরং দেশের সামগ্রিক গণতান্ত্রিক অধিকার ও বাক-স্বাধীনতার ওপর মারাত্মক আঘাত বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন কয়েকজন সংবাদকর্মী। দ্য ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা পেশাগত দায়িত্ব পালনকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা ও তার অনুসারীদের দ্বারা এই হামলার শিকার হন বলে বিবৃতিতে জানানো হয়। এনসিপি’র পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে সারাদেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর